একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় প্রদান করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) খান আকরামের আপিলের ওপর রায় ঘোষণার জন্য আজকের দিনটি ধার্য করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে প্রসিকিউশনের আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস প্রদানের আদেশ দেন।
২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বাগেরহাটের এই মামলার রায় ঘোষণা করেছিলেন। সেই রায়ে, শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে ট্রাইব্যুনালের সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন খান আকরাম হোসেন। সেই আবেদনের প্রেক্ষিতেই আজ তাকে খালাস দেওয়া হলো।
বাগেরহাট এলাকার এই মামলায় মোট আসামি ছিলেন তিনজন। সিরাজ মাস্টার ও আকরাম হোসেন ছাড়াও আবদুল লতিফ তালুকদার নামে আরও একজন অভিযুক্ত ছিলেন। তবে মামলা চলাকালীন অবস্থায় লতিফ তালুকদার মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, সিরাজ মাস্টারের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল তাঁকে ফায়ারিং স্কোয়াডে বা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিলেন।
–লামিয়া আক্তার










