শহীদ আসিফের বাবার সাক্ষ্যে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আসিফ ইকবালের বাবা এমএ রাজ্জাক।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই কার্যক্রম শুরু হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এদিন জবানবন্দিতে শহীদ আসিফের বাবা ছেলের স্মৃতি চারণ করে বলেন: “আমার ছেলে মনিপুর স্কুল অ্যান্ড কলেজে পড়ার পাশাপাশি দারাজে চাকরি করতো। ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় জুমার নামাজ শেষে সে আন্দোলনে অংশ নেয় এবং সেখানেই শহীদ হয়।”

মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত থাকায় আদালত বুধবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত কার্যক্রম মুলতবি করেছেন। ২২ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে এই সাত নেতার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। মামলায় পলাতক থাকা আসামিরা হলেন: ওবায়দুল কাদের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আ ফ ম বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।মোহাম্মদ আলী আরাফাত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। শেখ ফজলে শামস পরশ যুবলীগের সভাপতি। মাইনুল হোসেন খান নিখিল যুবলীগের সাধারণ সম্পাদক। সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি।ওয়ালি আসিফ ইনান ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ ও সহিদুল ইসলাম সরদার। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য ৮ জানুয়ারি রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।

-লামিয়া আক্তার