দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) ভর্তি ব্যবস্থায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় পৌনে তিন লাখ শিক্ষার্থী। আবেদন শেষ হওয়া পর্যন্ত তিনটি ইউনিটে মোট ২ লাখ ৭৩ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন, যার মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। তিনি জানান, ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৫৯ হাজার ১৮৯ জন, ‘বি’ ইউনিটে ৯০ হাজার ৪০৪ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ৯৬১ জন ভর্তিচ্ছু।
উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয় গত ১০ ডিসেম্বর। প্রাথমিকভাবে আবেদন শেষ হওয়ার কথা ছিল ২৪ ডিসেম্বর রাত ১২টায়। পরে আবেদনকারীদের সুবিধার্থে সময়সীমা ছয় দিন বাড়িয়ে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়।
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয় হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মালিহা নামলাহ










