ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি ইনস্টিটিউট এবং অর্থ মন্ত্রণালয়ের শিল্পখাতে দক্ষতা ও প্রতিযোগিতা উন্নয়ন কর্মসূচির যৌথ উদ্যোগে ‘চামড়া খাতে দক্ষ জনশক্তি উন্নয়ন ও শিল্পের প্রতিযোগিতা বৃদ্ধি’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় শিল্পখাতে দক্ষতা ও উদ্ভাবন বিষয়ক এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে শিল্পখাতে দক্ষতা ও প্রতিযোগিতা উন্নয়ন কর্মসূচির নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-নির্বাহী প্রকল্প পরিচালক মো. মাহফুজুল আলম খান এবং বাংলাদেশ ট্যানারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

কর্মশালার প্রাসঙ্গিক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. সবুর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মুত্তালিব। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দেশের চামড়া শিল্পের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, শিল্প প্রতিষ্ঠানসহ সকল পক্ষকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগ্রহী। জাতীয় স্বার্থে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কোনো ভেদাভেদ রাখা উচিত নয়।

তিনি আরও বলেন, বিভাজনমূলক রাজনীতি সমাজের বিভিন্ন স্তরে দূরত্ব তৈরি করেছে, যা আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এই বিভাজন দূর করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয় সমাজকে কেন্দ্র করেই পরিচালিত হয়, অথচ বর্তমানে সমাজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব ঘোচাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

-বেলাল হোসেন