বড় পর্দায় নতুন চমক দেব-শুভশ্রী

টালিউডের রূপালি পর্দার ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত দেব ও শুভশ্রী গাঙ্গুলী। দীর্ঘ বিরতি, ব্যক্তিগত টানাপোড়েন আর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই মেগাস্টার জুটি আবারও বড় পর্দায় ফিরছেন—এমন খবরে এখন টলিউড পাড়া থেকে শুরু করে দুই বাংলার ভক্তদের মাঝে বইছে আনন্দের জোয়ার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, আগামী ২০২৬ সালের দুর্গাপূজায় এই জুটিকে আবারও একসাথে দেখা যেতে পারে।

দেব-শুভশ্রীর সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে গত এক দশকে চর্চার শেষ ছিল না। তবে পেশাদারত্বের খাতিরে তারা বরাবরই বলে এসেছেন, ভালো চিত্রনাট্য পেলে তারা একসাথে কাজ করতে রাজি। ২০২৫ সালে প্রায় এক দশক অপেক্ষার পর তাদের অভিনীত ‘ধূমকেতু’ সিনেমাটি মুক্তি পায়। তবে সেই সিনেমার প্রচারণা এবং আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আবারও দুজনের মধ্যে এক ধরণের দূরত্ব তৈরি হয়েছিল। প্রচারণায় শুভশ্রীর অনুপস্থিতি নিয়ে দেবের মন্তব্য এবং পাল্টা প্রতিক্রিয়ায় ভক্তরা ভেবেছিলেন, হয়তো এই জুটিকে আর কোনোদিন পর্দায় দেখা যাবে না।

কিন্তু সেই মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায় অভিনেতা ও পরিচালক পরমব্রত চ্যাটার্জির একটি পারিবারিক অনুষ্ঠানে। সেখানে দেব ও শুভশ্রীকে দীর্ঘ সময় একান্তে কথা বলতে দেখা যায়। এই দৃশ্যটিই টলিউডে নতুন গুঞ্জনের জন্ম দেয় যে, তাদের মধ্যকার পুরনো তিক্ততা অবশেষে শেষ হয়েছে।ত দেড় দশকে দেব-শুভশ্রী জুটি টালিউডকে উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার হিট। তাদের রসায়ন এতটাই সাবলীল ছিল যে দর্শকরা তাদের ডাকতেন ‘পাওয়ার কাপল’ হিসেবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব ও শুভশ্রীর ভক্তরা এই সংবাদকে উৎসবের মতো উদযাপন করছেন। সিনেমার বাজারের বর্তমান প্রেক্ষাপটে বড় পর্দার এই ম্যাজিক জুটির ফিরে আসা মানেই বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি হওয়া। ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই পেরিয়ে পর্দায় তাদের এই প্রত্যাবর্তনের খবর টালিউডের বাণিজ্যিক সিনেমাকেও নতুন প্রাণ দেবে বলে বিশ্লেষকদের ধারণা।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের দুর্গাপূজা হতে যাচ্ছে দেব-শুভশ্রী ভক্তদের জন্য এক অনন্য উপহার। বড় পর্দায় তাদের সেই চিরাচরিত রোমান্স আর অ্যাকশন দেখার জন্য এখন কেবল দিন গোনার পালা।

বিথী রানী মণ্ডল/