প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে একটি অভিভাবক নির্দেশিকা বই প্রস্তুত করা হচ্ছে, যা খুব শিগগিরই অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
বৃহস্পতিবার (নতুন বছরের প্রথম দিন) ঢাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, নির্দেশিকা বইটিতে শিশুরা কীভাবে বড় হয়ে ওঠে এবং তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য অভিভাবকদের করণীয় বিষয়গুলো খুব সহজ ভাষায় ও চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে অভিভাবকেরা সহজেই তা বুঝতে ও অনুসরণ করতে পারেন।
তিনি আরও বলেন, “আশার কথা হলো, এ দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ সব ধরনের অশুভ ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। সুকুমারবৃত্তির চর্চা ও শিক্ষার অনুশীলন আপাতদৃষ্টিতে কোমল মনে হলেও, এগুলো মানুষকে এমনভাবে গড়ে তোলে, যাতে তারা সব ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
মালিহা নামলাহ










