চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম আরিফুল ইসলাম আদিল (১৭)। গতকাল বুধবার রাতে হাটহাজারী পৌরসভার ফটিকা এলাকার কড়িয়ার দীঘির পাড় সংলগ্ন চট্টগ্রাম–রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আদিল রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল করিম মাস্টার বাড়ির বাসিন্দা আবু বক্করের ছেলে। বুধবার সন্ধ্যার পর তিনি তার চাচাতো ভাই সামিরকে সঙ্গে নিয়ে হাটহাজারী বাজারে যান।
রাতের দিকে কড়িয়ার দীঘির পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে আদিল গুরুতর আহত হন এবং তার সঙ্গে থাকা সামিরও আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দুজনকে উদ্ধার করেন।
পরে আহতদের দ্রুত হাটহাজারী পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আদিলকে মৃত ঘোষণা করেন। আহত সামিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নিহতের প্রতিবেশীরা জানান, আদিল খেলাধুলাপ্রিয় ও শান্ত স্বভাবের কিশোর ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, দুর্ঘটনার বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ বা তথ্য দিতে আসেনি। বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাবরিনা রিমি/










