চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার (২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। এবারের ভর্তি পরীক্ষার সূচনা হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ‘এ’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস (সিট প্ল্যান) প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করেও পরীক্ষার্থীরা নিজের আসন নিশ্চিত করতে পারবেন।
চবি ভর্তির ওয়েবসাইটে জানানো হয়েছে, আসনবিন্যাসে চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী অঞ্চলের আলাদা কেন্দ্রের তথ্য দেখা যাবে। পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করে ও কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে নিজের আসন নিশ্চিত করতে পারবেন।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
১. পরীক্ষা শুরু হওয়ার আগে সকাল সাড়ে ১০টার মধ্যে নিজের আসন নিশ্চিত করতে হবে। প্রবেশপত্র দেখানোর পরই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। বেলা ১১টার পর কেউ প্রবেশাধিকার পাবেন না।
২. ভর্তির ওয়েবসাইটে লগইন করে সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে থেকে আসনের অবস্থান জানা যাবে। সিটপ্ল্যান দেখার আগে প্রবেশপত্র ডাউনলোড করা বাধ্যতামূলক।
৩. প্রতিটি পরীক্ষার্থীর সঙ্গে ডাউনলোডকৃত এক কপি প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিক/সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা ‘এ’ লেভেলের Statement of Entry (যদি প্রযোজ্য) থাকতে হবে।
৪. পরীক্ষার হলে Fx-100 বা তার নিচের সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে B ইউনিট ও B1, B2, D1 উপ-ইউনিট পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথ ও অন্য কোনো যোগাযোগের ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
৫. সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্যের প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
৬. অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
ভর্তি-সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।
মালিহা নামলাহ










