আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী বা যেকোনো সভা, সমাবেশ, প্রচার-প্রচারণার কাজে ব্যবহার করা যাবে না। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো সমাবেশের অনুমতি প্রদান না করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে প্রেরণ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা রয়েছে। কিন্তু কিছু প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ সেমিনার, সংবর্ধনা, যুব সমাবেশ ইত্যাদির নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন। এ ধরনের সমাবেশের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, হলরুম বা অন্যান্য স্থান ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা স্থানটি ব্যবহার করার অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।
সেক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ না দেওয়ার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে বলা হয়েছে।










