জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনটি ইউনিটের একাংশের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকের সূচিতে রয়েছে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি১’ ইউনিট এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বড় লড়াই হচ্ছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে মাত্র ৩১০টি আসনের বিপরীতে লড়ছেন ৭০ হাজার ২২০ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২৭ জন পরীক্ষার্থী, যা এই বছরের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ।
অন্যদিকে, ‘সি১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ হাজার ৭২৫ জন (আসনপ্রতি ৫৮ জন)। এছাড়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ৫ হাজার ৪১১ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যেখানে আসনপ্রতি লড়াই হবে ১০৮ জনের।
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ তথা ‘এ’ ইউনিটে ৪২৬টি আসনের বিপরীতে ১৪২ জন করে মোট ৬০ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির তথ্যমতে, সবচেয়ে কম প্রতিযোগিতা হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
অর্ণব চাকমা/










