রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম। ‘The Voice Of RMSTU’ শিরোনামের এই প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন সানজিদা ও কাওসার।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে ‘রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব’-এর উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বিভাগের ১৭ জন মেধাবী শিক্ষার্থীর লড়াই শেষে বিজয়ী হিসেবে তিনজনের নাম ঘোষণা করা হয়। এতে চ্যাম্পিয়ন হন মুনতাসিরুল আলম। প্রথম রানারআপ হয়েছেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী সানজিদা রুবায়েত জেসিফা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাওসার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের পরামর্শ দিয়ে বলেন, “সুন্দর ও সফল ক্যারিয়ার গড়তে সঠিক পরিকল্পনার বিকল্প নেই। শিক্ষার্থীদের এমপ্লয়াবিলিটি স্কিলস (Employability Skills) বা কর্মযোগ্য দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।” তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মশালা ও প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) জনাব সাদ্দাম হোসেন এবং প্রভাষক জনাব ফাহিম হোসেন।
ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট শাহরিয়ার রাব্বি তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকলিমা আক্তার। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ক্যারিয়ার ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের জড়তা কাটিয়ে নেতৃত্বের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
দর্শন চাকমা, রাঙ্গামাটি










