গ্ল্যামারাস অভিনেত্রী উর্বশী রাউতেলা মানেই রাজকীয় জীবনযাপন ও চোখধাঁধানো বিলাসিতা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ৩২তম জন্মদিনে এই ধারা বজায় রেখে তিনি আবারও আলোচনায় এলেন কেক দিয়েও নেটদুনিয়া কাঁপিয়ে দিলেন অভিনেত্রী।
জন্মদিনের জন্য তৈরি সাততলার বিশেষ কেকটিতে ছিল আসল হীরা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি রুপি। বিশাল কেকটিতে সোনালি কারুকাজ এবং প্রতিটি স্তরে বসানো বড় বড় হীরা অনুরাগীদের বিস্মিত করেছে।
বিলাসবহুল জীবনযাত্রা উর্বশীর জন্য নতুন কিছু নয়। গত বছর তিনি ১২ কোটি রুপির রোলস রয়েস কুলিনান এবং ৫ কোটি রুপির মার্সিডিজ জি-ওয়াগন কিনে সংবাদ শিরোনামে এসেছিলেন।
এবারের জন্মদিনে শুধু বিলাসিতা নয়, মানবিক দিকও ফুটে উঠেছে। উর্বশী বাগেশ্বর ধামে ২৫১ জন দুস্থ মেয়ের গণবিবাহের দায়িত্ব গ্রহণ করেন, উপস্থিত থেকে নববধূদের আশীর্বাদ ও আর্থিক সহায়তা প্রদান করেন।
কাজের ক্ষেত্রেও সময়টা ভালো যাচ্ছে। গত বছর নন্দামুরি বালকৃষ্ণ-এর সঙ্গে তেলেগু ছবি ‘ডাকু মহারাজ’-এ অভিনয় করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন, বিশেষ করে ছবির গান ‘দাবিদি দিবিদি’তে তার নাচ দর্শকদের নজর কাড়েছে। এছাড়া হিন্দি ক্রাইম ড্রামা ‘ঘুষপৈঠিয়া’ এবং কানের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
আগামী দিনে উর্বশীর ঝুলিতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান থ্রি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম থ্রি’ এবং পারভীন ববির বায়োপিকে নামভূমিকায় অভিনয়। বিলাসিতা আর কাজের ব্যস্ততার মিশেলে উর্বশী এখন বলিউডের অন্যতম চর্চিত নাম।
-বিথী রানী মণ্ডল










