বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর কি বিনোদনজগৎ থেকে হঠাৎ অবসর নিতে চলেছেন? সম্প্রতি তারএক ঘোষণায় তেমনই ইঙ্গিত পাচ্ছেন অনুরাগীরা। ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। শুধু কাজ থেকেই নয়, দায়িত্ব ও সম্পর্ক থেকেও বিরতি নেওয়ার কথা জানিয়েছেন নেহা।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে নেহা কক্কর ও তারভাই টনি কক্কর নতুন গান ‘ললিপপ’। গানটি প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়েন নেহা। গানের কথা ও দৃশ্যায়নকে অশালীন এবং অভব্য বলে দাবি করেন একাংশ। সোশ্যাল মিডিয়ায় নেহাকে ঘিরে শুরু হয় তীব্র কটাক্ষ। অনেকেই মনে করছেন, এই নেতিবাচক প্রতিক্রিয়ার কারণেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন গায়িকা।
এদিকে ছবি শিকারি ও অনুরাগীদের উদ্দেশেও বিশেষ অনুরোধ করেছেন নেহা। তিনি লেখেন, “ছবি শিকারি ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময় আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আশা করছি, আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং এই দুনিয়ায় স্বাধীনভাবে বাঁচতে দেবেন।” হাতজোড় করা ইমোজি ব্যবহার করে তিনি আরও লেখেন, “আমার শান্তির জন্য এটুকু অন্তত আপনারা করতে পারেন।
এই পরিস্থিতির মাঝেই নেহা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ ও এই মুহূর্তে মাথায় যা যা চলছে—সবকিছু থেকে এ বার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর ফিরে আসব কি না। ধন্যবাদ।” এই কথাতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
নেহার এই বক্তব্য থেকে প্রশ্ন উঠেছে—তারব্যক্তিগত জীবনে কি কোনও সমস্যা দেখা দিয়েছে? কেন তিনি কাজের পাশাপাশি সম্পর্ক ও দায়িত্ব থেকেও দূরে থাকার কথা বলছেন? যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি গায়িকা।
নেহা কক্কর এই বার্তা ঘিরে অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন—এটি কি সাময়িক বিরতি, নাকি সত্যিই সংগীতজগত থেকে বিদায়ের ইঙ্গিত? উত্তর আপাতত সময়ের অপেক্ষাতেই।
বিথী রানী মণ্ডল/










