গুয়াতেমালা দেশটির শীর্ষ ক্লাব জেলাজুরের ফুটবলার ডেরিকসন কুইরোস মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে ভাইরাল হন। গত সপ্তাহে ৪–২ গোলে মার্কুইনসেকে হারানোর পর মারিও কাম্পোসেকো স্টেডিয়ামে কুইরোস দর্শকদের সামনে হাঁটু গেড়ে বসে প্রেমিকার হাতে আংটি পরিয়ে দেন। প্রেমিকা ‘হ্যাঁ’ বলতেই গ্যালারিতে উপস্থিত শত শত সমর্থক করতালিতে অভিনন্দন জানান।
সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে কুইরোস লিখেছিলেন, “আমার জীবনসঙ্গী, আমি তোমাকে খুব ভালোবাসি।” কিন্তু রোমান্টিক দৃশ্যের মাত্র তিন দিন পরই তাদের বাগদান ভেঙে যায়।
মেক্সিকান সংবাদমাধ্যম ‘লাতিনুস’-এর উদ্ধৃতি অনুযায়ী কুইরোস জানান, “হ্যাঁ, এটি সত্য যে আমার বাগদান শেষ হয়েছে। এটি একটি কঠিন ব্যক্তিগত পরিস্থিতি, তবে আমি বিষয়টি সম্মান ও পরিপক্বতার সঙ্গে সামলাতে চাই। আমি কারও বিরুদ্ধে কিছু বলব না বা বিস্তারিত প্রকাশ করব না। এখন আমার ক্যারিয়ার, দল ও ব্যক্তিগত উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছি।”
শুধু কুইরোসই নন, তার সাবেক বাগদত্তাও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’-র তথ্য অনুযায়ী তিনি লিখেছেন, “শেষ পর্যন্ত নীরবতাই সবচেয়ে ভালো উত্তর।” মাঠে শুরু হওয়া ভালোবাসার গল্প শেষ হয়েছে সামাজিক মাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত ঘোষণায়।
-এমইউএম










