জামিনে মুক্তি পেয়ে ১১ দিন পর বাড়ি ফিরেছেন রাজপাল

বলিউড অভিনেতা রাজপাল যাদব চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়ে ১১ দিন পর বাড়ি ফিরেছেন। সোমবার দিল্লি উচ্চ আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পরই তার মুক্তির পথ খুলে যায়।অভিনেতার ভাই চন্দ্রপাল যাদব সংবাদমাধ্যমকে জানান, এই কঠিন সময় পরিবার কীভাবে পার করেছে তা একমাত্র তারাই জানেন।

তবে এখন তারা আশাবাদী পরিবারে আবারও ভালো সময় ফিরবে। তিনি বলেন, কারও প্রতি তাদের কোনো অভিযোগ নেই; বরং এই দুঃসময়ে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞ তারা।
৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় ছিলেন রাজপাল। এর আগে ভাইঝির বিয়েতে যোগ দেওয়ার জন্য তিনি জামিনের আবেদন করেছিলেন, কিন্তু তখন আদালত তা খারিজ করে কঠোর মন্তব্য করে। বিচারপতি স্বর্ণা কান্তর বেঞ্চ জানায়, রাজপাল পূর্বে বহুবার আদালতে হাজিরা দিয়েছেন এবং আইনি সহায়তাও পেয়েছেন, তাই ভুল পথে পরিচালিত হওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়।

তবে এবার পরিবারের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করে। ফলে পরিবারের বড় আয়োজনটি নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এই কঠিন সময়ে বলিউডের বিভিন্ন অঙ্গন থেকেও রাজপালের প্রতি সহমর্মিতা দেখা গেছে। জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়া তার একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দিয়ে অগ্রিম পারিশ্রমিক পাঠিয়েছেন।
এছাড়া বক্সার বিজেন্দর সিং তার পরবর্তী চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। নির্মাতা প্রিয়দর্শন-ও রাজপাল যাদবকে দ্বিগুণ পারিশ্রমিকে নতুন সিনেমায় নেওয়ার আগ্রহ দেখিয়েছেন বলে জানা গেছে।

তিহার জেলে থাকা অবস্থাতেই তার কাছে একাধিক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রের প্রস্তাব আসে, যা তার জনপ্রিয়তারই প্রমাণ। আগামী ১৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে জামিনে মুক্ত হয়ে পরিবারে ফিরে আসা এবং নতুন কাজের প্রস্তাব পাওয়ায় রাজপাল যাদবের জীবনে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

-বিথী রানী মণ্ডল