বিজয় দেবরাকোন্ডা-রাশমিকা মান্দানার বিয়েতে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা আজ সাত পাকে বাঁধা পড়ছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর-এ বসছে তাদের বিয়ের আসর। এই তারকা জুটির বিয়েকে ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ।

এই বিশেষ দিনে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় তিনি দুই পরিবারকে অভিনন্দন জানান এবং নবদম্পতির জন্য শুভকামনা ও আশীর্বাদ পাঠান। বার্তায় তিনি উল্লেখ করেন, এই বিয়ে তাদের জীবনে একটি নতুন ও সুন্দর সূচনা হয়ে উঠুক। ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের মধ্য দিয়ে তারা যেন আগামীর পথচলা এগিয়ে নেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তারকা জুটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হয়েছে, যা ভক্তদের মধ্যে বিয়ের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতার আগে গায়ে হলুদের আয়োজনও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে খোলা আকাশের নিচে সাজানো এক নান্দনিক মঞ্চ গোলাকার একটি পরিসর, চারপাশে কাঠের প্যানেল, আর মেঝেজুড়ে গোলাপের পাপড়ি সব মিলিয়ে ছিল শান্ত ও মনোমুগ্ধকর পরিবেশ।

-বিথী রানী মণ্ডল