রণবীর সিং ‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই এই মেগাবাজেট ছবির নায়ক নির্বাচন নিয়ে বলিউডে শুরু হয়েছে তুমুল জল্পনা। কে হতে যাচ্ছেন ‘ডন’-এর নতুন মুখ—এই প্রশ্ন ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। সেই জল্পনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে হৃত্বিক রোশনের নাম। শোনা যাচ্ছে, রণবীরের পরিবর্তে এবার নির্মাতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন এই সুপারস্টার।
যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। নির্মাতা ফারহান আখতার কিংবা হৃত্বিক রোশন—কেউই এই গুঞ্জনে প্রকাশ্যে সিলমোহর দেননি। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর অনুযায়ী, ‘ডন থ্রি’র মতো বড় প্রজেক্টের জন্য একজন শক্তিশালী, ক্যারিশমাটিক এবং পরিণত অভিনেতাকেই চাইছেন নির্মাতারা। সে কারণেই হৃত্বিকের নামটি বারবার আলোচনায় আসছে।
হলো, ‘ডন ২’ ছবিতে ক্যামিও চরিত্রে আগেই দেখা গিয়েছিল হৃত্বিক রোশনকে। ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে শাহরুখ খানের ছদ্মবেশী চরিত্র হিসেবে তাঁর উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। অল্প সময়ের সেই উপস্থিতিতেই অনেকেই কল্পনা করেছিলেন, ভবিষ্যতে হয়তো ‘ডন’ চরিত্রে হৃত্বিককে পুরোপুরি দেখা যেতে পারে। এবার সেই কল্পনাই বাস্তব হওয়ার সম্ভাবনা তৈরি করেছে নতুন এই গুঞ্জন।
পুরো বিষয়টি এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিটি বলিউডের অন্যতম আইকনিক সিরিজ। শাহরুখ খানের পর এই চরিত্রে কাউকে বেছে নেওয়া যে সহজ সিদ্ধান্ত নয়, তা ভালোভাবেই জানেন ফারহান আখতার ও তাঁর টিম। তাই তাঁরা কোনো তাড়াহুড়ো না করে খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে চান।
এদিকে হৃত্বিক রোশনের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই গুঞ্জন ছড়ানোর সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন তাঁর অনুরাগীরা। অনেকেই মনে করছেন, স্টাইল, অ্যাকশন আর স্ক্রিন প্রেজেন্স—সব মিলিয়ে ‘ডন’-এর চরিত্রে হৃত্বিক একেবারে পারফেক্ট পছন্দ হতে পারেন।
ফারহান আখতারের এই ইচ্ছা নতুন নয়। এর আগে এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন, ‘ডন’ চরিত্রের জন্য শাহরুখ খান নয়, তাঁর প্রথম পছন্দ ছিলেন হৃত্বিক রোশন। সেই পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায় আসায় জল্পনা আরও জোরালো হয়েছে। শেষ পর্যন্ত ফারহান আখতারের সেই দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয় কি না, নাকি ‘ডন থ্রি’তে দেখা যাবে একেবারে নতুন কোনো মুখ—তা জানতে দর্শকদের অপেক্ষা করতেই হবে।
বিথী রানী মণ্ডল/










