আজ অভিনেত্রী দিব্যা ভারতীর জন্মদিন

অভিনেত্রী দিব্যা ভারতীর আকস্মিক মৃত্যু এখনও দর্শকের কাছে রহস্যই রয়ে গেছে। কেউ বলেন, মৃত্যুর পেছনে ষড়যন্ত্র আছে, আবার কেউ স্বামী সাজিদ নাদিয়াদওয়ালার দিকে আঙুল তুলেছেন। ২৫ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন, দিব্যার মৃত্যুর ৩৩ বছর পরও প্রকাশ্যে এসেছে নতুন তথ্য।

দিব্যার ঘনিষ্ঠ বান্ধবী গুড্ডি মারুতি জানিয়েছেন, মৃত্যুর সময় সাজিদ বাড়িতে ছিলেন না। ঘটনাটি দেখেছেন নীতা লুল্লা। গুড্ডি বলেন, “দিব্যা কখনও উচ্চতায় ভয় পেত না। তাই নিজের পাঁচতলার বারান্দার ধারে অনেক সময়ই বসে থাকত। আমি কতবার বারণ করেছি, বলত কিছু হবে না। সেই দিনও বারান্দা থেকে ঝুঁকে সাজিদের গাড়ি দেখছিল।

ঘটনার আগে দিব্যা বন্ধুদের সঙ্গে চুটিয়ে পার্টি করেছেন এবং আউটডোর শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। গুড্ডি যোগ করেন, “যখন বারান্দা থেকে ঝুঁকে দেখছিল, তখন নীতা ওর বাড়িতে ছিলেন। সবকিছু চোখের সামনে ঘটেছিল। সাজিদ তখন বাইরে ছিলেন। এরপরই দিব্যার মৃত্যুর খবর ছড়ালে অনেকেই সাজিদের দিকে আঙুল তুলেছিল। তবে পুলিশের তদন্তে এটি দুর্ঘটনা হিসেবে ধরা হয়েছে।”

জন্মদিনের আগে বান্ধবী গুড্ডি এই স্মৃতিচারণে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং পুনরায় মনে করিয়ে দেন, দিব্যা ছিলেন সাহসী ও জীবনপ্রেমী, কিন্তু সেই দিন কেউ ভাবেনি এমন বিপর্যয় ঘটবে।

-বিথী রানী মণ্ডল