দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ

ঢাকা: দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১:৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ঘোষিত ফল অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৪৬,২০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধা বৃত্তি) নির্বাচিত হয়েছে ১৪,৭০০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩১,৫০০ জন। ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

বোর্ড অনুযায়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা:

  • ঢাকা বোর্ড: ট্যালেন্টপুল ৩,৬২২, সাধারণ ৭,৭৬২ (মোট ১১,৩৮৪)
  • রাজশাহী বোর্ড: ট্যালেন্টপুল ১,৯১৭, সাধারণ ৪,১১০ (মোট ৬,০২৭)
  • কুমিল্লা বোর্ড: ট্যালেন্টপুল ১,৬৭১, সাধারণ ৩,৫৮১ (মোট ৫,২৫২)
  • যশোর বোর্ড: ট্যালেন্টপুল ১,৬৫৬, সাধারণ ৩,৫৪৯ (মোট ৫,২০৫)
  • চট্টগ্রাম বোর্ড: ট্যালেন্টপুল ১,২২৭, সাধারণ ২,৬৩০ (মোট ৩,৮৫৭)
  • সিলেট বোর্ড: ট্যালেন্টপুল ৯৬০, সাধারণ ২,০৫৭ (মোট ৩,০১৭)
  • বরিশাল বোর্ড: ট্যালেন্টপুল ৮৭০, সাধারণ ১,৮৬৫ (মোট ২,৭৩৫)
  • দিনাজপুর বোর্ড: ট্যালেন্টপুল ১,৮১০, সাধারণ ৩,৮৮১ (মোট ৫,৬৯১)
  • ময়মনসিংহ বোর্ড: ট্যালেন্টপুল ৯৬৭, সাধারণ ২,০৬৫ (মোট ৩,০৩২)

জানা গেছে, পরীক্ষা গত বছরের ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি ২০২৬ তারিখে শেষ হয়। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—মোট ৫টি বিষয়ে ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট ৩,৪৬,৫৯১ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে ৩,১৫,১৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ১৪,৭০০ জনকে ট্যালেন্টপুল বৃত্তি এবং ৩১,৫০০ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য অনুদান:

  • ট্যালেন্টপুল: মাসিক ৪৫০ টাকা ও এককালীন বাৎসরিক ৫৬০ টাকা
  • সাধারণ বৃত্তি: মাসিক ৩০০ টাকা ও এককালীন ৩৫০ টাকা

-এমইউএম