শ্রীলঙ্কায় ২০১৯ সালের ভয়াবহ স্টার সানডে বোমা হামলার ঘটনায় দেশটির সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অব.) সুরেশ সাল্লায়কে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ। বুধবার ভোরে রাজধানী কলম্বোর একটি উপশহর থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। খবর আলজাজিরার।
তদন্ত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, তাকে “ষড়যন্ত্র এবং ইস্টার হামলায় সহায়তা ও মদদ দেওয়ার” অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে সাল্লায় এর আগে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।
২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডেতে দেশটির তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে প্রায় একই সময়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এসব হামলায় ২৭৯ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন। নিহতদের মধ্যে ৪৫ জন বিদেশি নাগরিক ছিলেন। এই হামলায় শ্রীলঙ্কার পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়ে।
হামলার পরপরই স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হলেও পরবর্তীতে সাল্লায়ের বিরুদ্ধে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। ২০২৩ সালে ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোর এক প্রতিবেদনে দাবি করে, হামলাকারীদের সঙ্গে সাল্লায়ের যোগাযোগ ছিল এবং হামলার আগে তাদের সঙ্গে তিনি সাক্ষাৎও করেছিলেন।
একজন হুইসেলব্লোয়ারের বরাতে প্রতিবেদনে বলা হয়, তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী গোটাবায়া রাজাপাকসার নির্বাচনী সুবিধার জন্য হামলাটি ঘটতে দেওয়া হয়েছিল। হামলার দুই দিন পরই রাজাপাকসা প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করেন এবং নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। পরে তিনি সাল্লায়কে স্টেট ইন্টেলিজেন্স সার্ভিসের (এসআইএস) প্রধান হিসেবে নিয়োগ দেন।
তবে ২০২৪ সালে আনুরা কুমারা ডিসানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সাল্লায়কে পদচ্যুত করা হয়। ডিসানায়েকে হামলার পেছনে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে বিভিন্ন তদন্তে উঠে আসে, ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সম্ভাব্য হামলার আগাম সতর্কবার্তা পাওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।
২০২৩ সালে দেশটির সুপ্রিম কোর্ট রায়ে সাবেক প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনাসহ পাঁচ শীর্ষ কর্মকর্তাকে হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য দায়ী করে। আদালত সিরিসেনাকে ব্যক্তিগতভাবে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এছাড়া তৎকালীন পুলিশ প্রধান, দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবকে যৌথভাবে আরও ২১ কোটি রুপি পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
এদিকে জাতিসংঘও হামলা-সংক্রান্ত পূর্ববর্তী তদন্ত প্রতিবেদনগুলোর গোপন অংশ প্রকাশের আহ্বান জানিয়েছে।
-বেলাল










