প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নতুন এক প্রবণতা সামনে এসেছে“এআই ওয়াশিং”। বিশেষজ্ঞদের মতে, অনেক কোম্পানি পণ্যের কার্যকারিতা বা উৎপাদনশীলতা বৃদ্ধিতে এআইয়ের ভূমিকা অতিরঞ্জিত করে বাজারে নিজেদের আকর্ষণীয় করে তুলতে চাইছে।
‘গ্রিনওয়াশিং’ বা ‘স্পোর্টসওয়াশিং’-এর মতোই, এআই ওয়াশিং হলো এমন এক কৌশল যেখানে প্রতিষ্ঠানগুলো নিজেদের এআই-নির্ভর বলে প্রচার করে, যদিও বাস্তবে প্রযুক্তিটির প্রভাব সীমিত। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এটি কেবল বিপণন কৌশল নয়; এর প্রভাব চাকরি, বিনিয়োগ এবং বাজারের আস্থার ওপর পড়তে পারে।
গবেষণা প্রতিষ্ঠান Info-Tech Research Group–এর বিশ্লেষক মনীশ জৈন বলেন, মহামারির সময় অতিরিক্ত নিয়োগের পর এখন অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইকে ‘এআই রূপান্তর’ হিসেবে তুলে ধরছে। এতে প্রকৃত আর্থিক বা কৌশলগত সমস্যাগুলো আড়াল হয়ে যাচ্ছে।
লাস ভেগাসভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান SmartTech Research–এর বিশ্লেষক মার্ক এন. ভেনার মতে, “এআই রূপান্তর”–এর গল্প ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো মুনাফা সংকোচন, চাহিদা হ্রাস বা ব্যয়চাপের মতো বাস্তব সমস্যাকে ঢেকে রাখতে পারে। এতে কঠিন সিদ্ধান্তগুলো আধুনিকায়নের অংশ হিসেবে উপস্থাপন করা সহজ হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এআই ওয়াশিংয়ের সবচেয়ে বড় ক্ষতি হলো ভুল বাজার-সংকেত তৈরি হওয়া। Avrio Institute–এর প্রধান শন ডুব্রাভাকের মতে, অতিরঞ্জিত এআই দাবির ফলে বিনিয়োগ ভ্রান্ত পথে যেতে পারে এবং কর্মী কাঠামোতে অপ্রয়োজনীয় পরিবর্তন আসতে পারে।
একই সঙ্গে বিনিয়োগকারী ও গ্রাহকদের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। Enderle Group–এর প্রেসিডেন্ট রব এন্ডারলে বলেন, কোনো কোম্পানি যদি এআইয়ের নামে নিজেদের মূল্যায়ন বাড়াতে চায় এবং পরে বাস্তবতা ভিন্ন প্রমাণিত হয়, তাহলে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারী ও গ্রাহক উভয়ের আস্থা কমে যাবে।
তবে যুক্তরাষ্ট্রে বিদ্যমান ভোক্তা সুরক্ষা আইন এ ধরনের বিভ্রান্তিকর দাবির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে মনে করেন Information Technology and Innovation Foundation–এর ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল কাস্ত্রো। তিনি বলেন, “এআই নিয়ে মিথ্যা দাবি করা অন্য যেকোনো ভ্রান্ত বিপণনের মতোই আইনত দণ্ডনীয় হতে পারে।”
বিশ্লেষকদের মতে, বর্তমান বাজারে এআই শুধু একটি প্রযুক্তি নয় এটি কোম্পানির মূল্যায়ন বাড়ানোর ‘মাল্টিপ্লায়ার’ হয়ে উঠেছে। ফলে অনেক প্রতিষ্ঠান প্রাসঙ্গিক থাকতে বা বিনিয়োগ আকর্ষণ করতে এআই-নির্ভরতার অতিরঞ্জিত বর্ণনা দিচ্ছে।
তবে শেষ পর্যন্ত বাস্তব পারফরম্যান্সই বাজারের বর্ণনাকে সংশোধন করে এমনটাই মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, বিনিয়োগকারীদের উচিত কেবল এআই ব্যবহারের দাবি নয়, বরং বাস্তব ফলাফল ও আর্থিক সূচকের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া।
সূত্র: টেকনিউজ ওয়ার্ল্ড
সাবরিনা রিমি/










