হলিউডের অন্যতম প্রভাবশালী স্টুডিও Warner Bros. Discovery–কে অধিগ্রহণ ঘিরে প্রতিদ্বন্দ্বিতা নতুন মোড় নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিদ্বন্দ্বী Paramount Skydance–এর সংশোধিত প্রস্তাব বিবেচনার জন্য আলোচনার দরজা আবার খুলে দিয়েছে, যা Netflix–এর সঙ্গে প্রস্তাবিত চুক্তিকে অনিশ্চয়তায় ফেলেছে।
প্যারামাউন্ট সর্বশেষ প্রস্তাবে শেয়ারপ্রতি ৩১ ডলার নগদ দেওয়ার কথা বলেছে। পাশাপাশি নিয়ন্ত্রক অনুমোদন না পেলে চুক্তি বাতিলের ক্ষেত্রে ব্রেক-আপ ফি ৫.৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৭ বিলিয়ন ডলার করার প্রস্তাব দিয়েছে। আরও বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের পর চুক্তি সম্পন্ন হতে দেরি হলে প্রতি ত্রৈমাসিকে শেয়ারপ্রতি ২৫ সেন্ট করে অতিরিক্ত পরিশোধ করা হবে।
অন্যদিকে, নেটফ্লিক্স শেয়ারপ্রতি ২৭.৭৫ ডলার প্রস্তাব করেছে, যার মোট মূল্য (ঋণসহ) প্রায় ৮২.৭ বিলিয়ন ডলার। তবে তাদের প্রস্তাব পুরো কোম্পানির জন্য নয়; বরং ওয়ার্নারের চলচ্চিত্র ও টেলিভিশন স্টুডিও, কনটেন্ট লাইব্রেরি এবং এইচবিও ম্যাক্স স্ট্রিমিং সেবার জন্য। পরিকল্পনা অনুযায়ী, ওয়ার্নার তাদের টেলিভিশন বিভাগ আলাদা করে ‘ডিসকভারি গ্লোবাল’ নামে নতুন তালিকাভুক্ত কোম্পানি হিসেবে স্পিন-অফ করবে।
ওয়ার্নারের বোর্ড জানিয়েছে, প্যারামাউন্টের সংশোধিত প্রস্তাব নেটফ্লিক্সের তুলনায় শ্রেয় কি না এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি উন্নততর প্রস্তাব হিসেবে প্যারামাউন্টের অফার বিবেচিত হয়, তাহলে নেটফ্লিক্সের হাতে চার কার্যদিবস সময় থাকবে তাদের প্রস্তাব সংশোধনের জন্য।
এই অধিগ্রহণ লড়াই সফল হলে হলিউডের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। ওয়ার্নার ব্রাদার্সের অধীনে রয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি যেমন “হ্যারি পটার”, “ব্যাটম্যান”, “গেম অব থ্রোনস” এবং ডিসি কমিকসের বিস্তৃত কনটেন্ট ভাণ্ডার।
এদিকে, অ্যাক্টিভিস্ট বিনিয়োগকারী আনকোরা হোল্ডিংস ওয়ার্নারের ওপর চাপ বাড়িয়েছে, দাবি করেছে কোম্পানি প্যারামাউন্টের সঙ্গে যথাযথভাবে সম্পৃক্ত হয়নি। ওয়ার্নার ব্রাদার্স আগামী ২০ মার্চ নেটফ্লিক্স চুক্তির বিষয়ে শেয়ারহোল্ডারদের ভোট আয়োজনের পরিকল্পনা করেছে।
বিশ্লেষকদের মতে, দুই ক্রেতা ভিন্ন ভিন্ন সম্পদের জন্য প্রস্তাব দেওয়ায় কোন চুক্তি বেশি লাভজনক তা নির্ধারণ করা সহজ নয়। ফলে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি শেয়ারহোল্ডারদের জন্য সর্বোচ্চ মূল্য নিশ্চিত করার প্রশ্নেই নির্ভর করবে।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/









