মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান উবার ইউরোপে তাদের ফুড ডেলিভারি ব্যবসা সম্প্রসারণের বড় উদ্যোগ নিয়েছে। আগামী এক বছরের মধ্যে ইউরোপের সাতটি নতুন দেশে ডেলিভারি সেবা চালুর পরিকল্পনা করছে কোম্পানিটি। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স যা প্রথম প্রকাশিত হয় ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, চেক প্রজাতন্ত্র, গ্রিস ও রোমানিয়াসহ মোট সাতটি দেশে নতুন করে কার্যক্রম শুরু করবে উবার। এছাড়া অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড ও নরওয়েতেও সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কোম্পানিটি আশা করছে, এই সম্প্রসারণের ফলে আগামী তিন বছরে অতিরিক্ত ১ বিলিয়ন ডলার গ্রস বুকিংস অর্জন করা সম্ভব হবে।
উবারের গ্লোবাল হেড অব ডেলিভারি সুসান অ্যান্ডারসন ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, “এখন সময় মানদণ্ড আরও উঁচুতে তোলার, বাজারে নতুনত্ব আনার এবং পুরো খাতে আরও ভালো মূল্য দেওয়ার।” ইউরোপের বহুমূল্যের ফুড ডেলিভারি বাজারে প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। এ প্রেক্ষাপটে উবারের এই পদক্ষেপকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি উবার তুরস্কে নিজেদের উপস্থিতি জোরদার করতে দেশটির ডেলিভারি প্ল্যাটফর্ম গেটির (Getir)-এর ডেলিভারি শাখা অধিগ্রহণে সম্মত হয়েছে। এই অধিগ্রহণের মাধ্যমে তুরস্কের বাজারেও উবার তাদের অবস্থান শক্ত করতে চায়।
বিশ্লেষকদের মতে, ইউরোপজুড়ে অনলাইন খাবার সরবরাহ খাতে ক্রমবর্ধমান চাহিদা এবং প্রযুক্তিনির্ভর সেবার বিস্তারের সুযোগ কাজে লাগাতেই উবার এই আগ্রাসী সম্প্রসারণ পরিকল্পনা হাতে নিয়েছে।
সূত্র: রয়টার্স
বরিনা রিমি/










