প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এই আমন্ত্রণ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে উভয় পক্ষ ‘কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ (ইএসডিপি)-এর অধীনে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে জাপানে কর্মসংস্থানে আগ্রহী বাংলাদেশি কর্মীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং জাপানি ভাষা প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব পায়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাপানি নিয়োগকর্তাদের সুবিধার্থে এবং দক্ষ কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দেন।
আমন্ত্রণের পাশাপাশি বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয় উঠে আসে। এর মধ্যে রয়েছে:
মেট্রোরেল: ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে চলমান মেট্রোরেল প্রকল্পে জাপানের সহযোগিতা অব্যাহত রাখা।
প্রতিরক্ষা: প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং নিরাপত্তা সংক্রান্ত পারষ্পরিক সহযোগিতা।
আন্তর্জাতিক ফোরাম: জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দুই দেশের পারষ্পরিক সমর্থন ও সহায়তা।
এর আগে জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে রোহিঙ্গা সংকটে জাপানের অব্যাহত মানবিক ও রাজনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সমস্যা সমাধানে জাপানের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
জাপানি রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সুবিধাজনক যেকোনো সময়ে এই সফরটি আয়োজন করতে জাপান সরকার আগ্রহী।
–লামিয়া আক্তার










