নায়িকা বানানোর প্রলোভন, নির্যাতন ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এর মধ্যেই নতুন করে তার বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন মামলার বাদী সাদিয়া রহমান মিথিলা। তিনি দাবি করেছেন, ওই অর্থের সব লেনদেনের কাগজপত্র তার কাছে সংরক্ষিত আছে এবং প্রয়োজন হলে আদালতে তা দাখিল করবেন।

মিথিলার ভাষ্য অনুযায়ী, হিরো আলম তার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছেন এবং তা ফেরত দেননি। তিনি বলেন, এই টাকা দেওয়ার জন্য তাকে নিজের একটি জমি বিক্রি করতে হয়েছে। জমি বিক্রির দলিলসহ সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের প্রমাণ তার কাছে রয়েছে বলে জানান তিনি। সময়মতো আদালতে এসব কাগজ জমা দেবেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন মিথিলা।

এর আগে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলার শুনানি শেষে গত ১০ ফেব্রুয়ারি বিচারক আনোয়ারুল হক হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। পরে ১৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়েছে। এমনকি জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। এরপর আদালত অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারি করেন।

এই ঘটনায় নতুন করে আর্থিক প্রতারণার অভিযোগ যুক্ত হওয়ায় মামলাটি আরও আলোচিত হয়ে উঠেছে। এখন আদালতে উপস্থাপিত প্রমাণ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

-বিথী রানী মণ্ডল