দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হারুন-অর-রশীদ এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি শক্তিশালী অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। বর্তমানে এই অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধান চলাকালীন বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিচার এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আসামিরা যেন আইনি প্রক্রিয়ার বাইরে চলে যেতে না পারেন, সেজন্য তাদের দেশত্যাগে বাধা দেওয়া একান্ত প্রয়োজন বলে আদালত মনে করেন।
সাবেক দুই ভিসির আমলের নিয়োগ বাণিজ্য, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং প্রশাসনিক নানা অনিয়মের তথ্য খতিয়ে দেখছে দুদক। এই তদন্তের অংশ হিসেবেই তাঁদের চলাচলের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হলো।
–লামিয়া আক্তার










