ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন।

তিনি বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়, সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, নোবেল বর্তমানে থানা হাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

অভিযোগের নথি অনুযায়ী, এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় জোর করে ওই তরুণীকে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা করেন। পরে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন–কে। ২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। একই দিন আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ডেমরা থানা পুলিশকে আসামিদের আইনের আওতায় এনে আদালতে হাজির করার নির্দেশ দেন।

মাহমুদ সালেহীন খান