সঙ্গীতপ্রেমীদের জন্য একটি গভীর শোকের সংবাদ। কোরীয় গায়িকা মো সু-জিন, যিনি অ্যাকুস্টিক কোলাবো ব্যান্ডের সদস্য হিসেবে পরিচিত, ২৪ জানুয়ারি মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।
মো সু-জিন ২০২০ সালে অ্যাকুস্টিক কোলাবোতে যোগ দেন এবং ব্যান্ডটির তৃতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবামে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। ব্যান্ডের বাইরে তিনি একক শিল্পী হিসেবেও ক্যারিয়ার গড়েছেন। ২০২৫ সালের জুনে তিনি ‘ইয়োর ইউনিভার্স’ শিরোনামে একটি সিঙ্গেল প্রকাশ করেছিলেন।
মো সু-জিনের এজেন্সি প্যানিক বাটন জানিয়েছে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় গিয়ংগি প্রদেশের নামইয়াংজুতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্যানিক বাটনের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবারের ইচ্ছা অনুযায়ী কেবল পরিবার, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।”
অ্যাকুস্টিক কোলাবোর সহকর্মী কিম সেউং-জে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “২০১৯ সালে আমাদের প্রথম দেখা। ২০২৬ সাল পর্যন্ত সপ্তাহে অন্তত এক দিন, কখনো কখনো টানা সাত দিনও একসঙ্গে দেখা হয়েছে। সে ছিল আমার সবচেয়ে কাছের সঙ্গী। মো সু-জিন আমাকে সুখের মানে শিখিয়েছে এবং জীবন বাঁচিয়ে রাখার শক্তি দিয়েছে। প্রতিবার ওর কথা মনে পড়লে বুঝি, সে শুধু বন্ধু ছিল না; তার সঙ্গে কাটানো সময়গুলো ছিল আনন্দের।“
তার অনন্য কণ্ঠস্বর এবং আবেগঘন সুরযাত্রা কোরীয় ও আন্তর্জাতিক সঙ্গীতপ্রেমীদের মনে এক অমলিন ছাপ রেখে গিয়েছে। সহকর্মীরা স্মরণ করেন, মো সু-জিন শুধু সঙ্গীতের জন্য নয়, বরং ব্যক্তিগত সম্পর্কেও তিনি ছিলেন স্নেহময় ও উদারচেতা। তাঁর অকাল প্রয়াণ এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে।
মো সু-জিনের ফ্যানদের জন্য তাঁর সুর ও গান চিরকালই স্মরণীয় হয়ে থাকবে। অ্যাকুস্টিক কোলাবোর অন্যান্য সদস্যরা জানিয়েছেন, তাঁর সঙ্গীতচর্চা ও ব্যক্তিত্ব সবসময়ই তাদের অনুপ্রেরণা হিসেবে থাকবে।
শিল্পী মো সু-জিনের মৃত্যুতে কোরীয় সঙ্গীত জগত শোকস্তব্ধ। পরিবারের পক্ষ থেকে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে এবং শুধুমাত্র ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কারণে তার ভক্তরা সরাসরি বিদায় জানাতে পারেননি।মো সু-জিনের অবদান ও প্রতিভা চিরকাল স্মরণীয় থাকবে এবং তার গান সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে।
বিথী রানী মণ্ডল/










