বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শোকের আবহ। ফেসবুক যেন শোকের বই। দেশের অন্য সবার মতো সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানাচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারাও।

অভিনেত্রী জয়া আহসান দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে লিখেছেন,

‘এ যেন দেশের দুঃসময়ে বিদায়।’

১৯৪৬ সালের ১৫ আগস্ট জলপাইগুড়িতে জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহিত হন। ফার্স্ট লেডি থেকে দেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা দীর্ঘ ও ঘটনাবহুল ছিল।

জয়া আহসান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তাঁর উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।’

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের ক্রান্তিলগ্নে বিভিন্ন সময়ে সোচ্চার ছিলেন। সব সময়ই তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই কথাই স্মরণ করে অভিনেত্রী জয়া লিখেছেন, “সামরিক শাসন বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তাঁর সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তাঁর আত্মা চির প্রশান্তি লাভ করুক।”

দীর্ঘদিন অসুস্থ থাকা খালেদা জিয়ার স্বাস্থ্যগত কারণে চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে চিকিৎসা দেওয়া হয়েছিল। চিকিৎসার পর কিছুটা স্বাস্থ্যের উন্নতি হলেও নানা রোগের জটিলতা এবং শরীর ও মনের চাপের কারণে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল তার জন্য প্রতিকূল। দীর্ঘ সময় ধরে তিনি প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন।

খালেদা জিয়ার মৃত্যুর তথ্য প্রথম আলোকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর জানাজা আগামী বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হতে পারে।

বিথী রানী মণ্ডল/