নাসার বহুল প্রতীক্ষিত চাঁদে যাওয়ার মিশন আর্টেমিস ২আবারও পিছিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পেস লঞ্চ সিস্টেম রকেটের হিলিয়াম প্রবাহে কারিগরি ত্রুটি ধরা পড়ায় ২০২৬ সালের মার্চের নির্ধারিত উৎক্ষেপণ বাতিল করা হয়েছে।
এর আগে, ফেব্রুয়ারির গোড়ার দিকে এ মিশনের লক্ষ্য স্থির হলেও রকেটের জ্বালানি ভরার মহড়ায় কিছু সমস্যা দেখা দেওয়ায় তা মার্চে পিছিয়ে যায়।
যান্ত্রিক ত্রুটির কারণে আবারও পিছিয়ে গেল নাসার বহুল প্রতীক্ষিত আর্টেমিস ২ মিশন। ৫০ বছরেরও বেশি সময় পর চাঁদের কক্ষপথে মানুষের যাওয়ার এ যাত্রাটি মার্চে হওয়ার কথা ছিল।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী ৬ মার্চ উৎক্ষেপণের সব প্রস্তুতি চললেও গত সপ্তাহে ‘স্পেস লঞ্চ সিস্টেম’ বা এসএলএস রকেটের ওপরের অংশে হিলিয়াম গ্যাস প্রবাহে সমস্যা দেখা দিয়েছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, এ সমস্যা পরীক্ষা ও সারানোর জন্য রকেটটিকে এখন লঞ্চ প্যাড থেকে সরিয়ে আবার কারখানায় ফিরিয়ে নিচ্ছে তারা।
সমস্যা সমাধান ও পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য এ সপ্তাহের মধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নাসা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান লিখেছেন, রকেটটি ফিরিয়ে নেওয়ার কারণে মার্চে উৎক্ষেপণের সম্ভাবনা আর নেই।
এক ব্লগ পোস্টে নাসা বলেছে, বর্তমানে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ওপর ভিত্তি করে এ বছরের “এপ্রিলে রকেটটি উৎক্ষেপণের সুযোগ তৈরি হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে তথ্যের বিশ্লেষণ, সারানোর কাজ ও আগামী দিনগুলোতে কাজের গতি কেমন থাকে তার ওপর।”
বিশাল আকারের এ রকেটে এবং ওরিয়ন মহাকাশযানটিকে শামুকের গতিতে খুব সাবধানে চার মাইল পথ পাড়ি দিয়ে পুনরায় কারখানায় ফিরিয়ে নিতে কয়েক ঘণ্টা সময় লাগবে নাসার।
সংস্থাটি বলেছে, রকেট সরিয়ে নেওয়ার কাজটি ২৪ ফেব্রুয়ারি করার পরিকল্পনা রয়েছে তাদের।
২১ ফেব্রুয়ারি ভোরের দিকে এ সমস্যাটি ধরা পড়ে। নাসা বলেছে, সে সময় এসএলএস রকেটের প্রপালশন স্টেজে ‘হিলিয়াম প্রবাহে বাধা’ লক্ষ্য করে তারা।
আর্টেমিস ২ মিশনের চার নভোচারী হলেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ ও কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।
রকেটে সমস্যা দেখা দেওয়ার ঠিক একদিন আগেই কোয়ারেন্টিনে প্রবেশ করেছিলেন চার নভোচারী। এখন নাসা বলেছে, বর্তমানে নভোচারীরা কোয়ারেন্টিন থেকে বেরিয়ে এসেছেন।
বছরের শুরুতে আর্টেমিস ২ মিশনের কাজ দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছিল নাসা। এর আগে, ২০২৪ সালে বেশ কিছু বিলম্বের পর উৎক্ষেপণের সময় নির্ধারণ হয়েছিল ২০২৬ সালের এপ্রিলে।
১০ দিনের এই মিশনে এসএলএস রকেটের প্রথম যাত্রায় ওরিয়ন মহাকাশযানে করে চাঁদের চারপাশ ঘুরে আসবেন নভোচারীরা।
শুরুতে ফেব্রুয়ারির গোড়ার দিকে মিশনের লক্ষ্য স্থির করা হলেও রকেটের জ্বালানি ভরার মহড়ায় কিছু সমস্যা দেখা দেওয়ায় তা মার্চে পিছিয়ে যায়।
এখন আবার সেই আগের অবস্থানেই ফিরে গেল উৎক্ষেপণের তারিখ, অর্থাৎ এপ্রিলে উৎক্ষেপণের সম্ভাবনা দেখা দিয়েছে।
-মামুন










