লেভান্তের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। ৩-০ গোলের সহজ জয়ে কাতালান জায়ান্টরা চাপে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। এক বছরেরও বেশি সময় পর গোলের দেখা পেয়েছেন ফ্রেঙ্কি ডি ইয়াং, আর বেঞ্চ থেকে নেমে ফারমিন লোপেজের জোরালো শট নিশ্চিত করেছে বড় ব্যবধানের জয়।
আগের রাতে ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদের হারে বার্সেলোনার শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালো বার্সেলো। লেভান্তেকে সহজেই ৩-০ গোলে পরাজিত করে আবারও লা লিগার শীর্ষে উঠে এসেছে বার্সা।
ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের এক বছরের বেশি সময় পর গোল এবং বদলি হিসেবে নেমে ফার্মিন লোপেজের দুর্দান্ত দূরপাল্লার শটে বড় জয় নিশ্চিত করে হানসি ফ্লিকের দল। মার্ক বার্নাল গোলের সূচনা করেছিলেন।
মৌসুমের শুরুতে একই প্রতিপক্ষের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেতে হয়েছিল বার্সাকে। তবে এবার ন্যু ক্যাম্পে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে কাতালানরা। এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। ২৫ ম্যাচে বার্সার পয়েন্ট ৬১। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। ২৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে থেকে রেলিগেশনের অপেক্ষায় রয়েছে লেভান্তে।
এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদ ও জিরোনার বিপক্ষে টানা দুই হারে আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। তবে লেভান্তের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।
ম্যাচের মাত্র চার মিনিটেই এগিয়ে যায় বার্সা। ডান দিক থেকে নেওয়া একটি ছোট কর্নার থেকে এরিক গার্সিয়া ও হোয়াও ক্যানসেলোর পাসের পর মার্ক বার্নাল প্রথম স্পর্শেই বল জালে পাঠান। দ্রুত লিড নেওয়ার পর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেন রাফিনিয়া ও রবার্ট লেওয়ানডস্কি, যদিও প্রথমদিকে সেগুলো কাজে লাগাতে পারেননি।
ম্যাচের ৩০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল পায় স্বাগতিকরা। লামিনে ইয়ামাল, বার্নাল ও ক্যানসেলোর দারুণ সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে ক্যানসেলোর ভাসানো ক্রসে ছয় গজ বক্সে ফ্রেঙ্কি ডি ইয়ং সহজেই বল জালে জড়ান। এটি ছিল ২০২৫ সালের জানুয়ারির পর ডি ইয়ংয়ের প্রথম গোল।
বিরতির পরও আক্রমণের ধার কমায়নি বার্সেলোনা। লেওয়ানডস্কি ও দানি ওলমোর শট রুখে দেন লেভান্তের গোলরক্ষক ম্যাট রায়ান। ম্যাচের শেষ দিকে কোচ ফ্লিক একসঙ্গে তিনটি পরিবর্তন এনে ফার্মিন লোপেজ, ফেরান তোরেস ও সদ্য ফিট হয়ে ফেরা পেদ্রিকে মাঠে নামান।
এই পরিবর্তনের ফল আসে ম্যাচের শেষ ১০ মিনিটে। প্রায় ২৫ গজ দূর থেকে বাম পায়ের জোরালো শটে বল জালের উপরের কোণায় পাঠিয়ে দলের তৃতীয় গোল করেন ফার্মিন লোপেজ, যা গোলরক্ষকের ধরাছোঁয়ার বাইরে ছিল।
ইংল্যান্ড তারকা মার্কাস রাশফোর্ড হাঁটুর সমস্যার পর ম্যাচডে স্কোয়াডে ফিরলেও নিরাপদ লিড থাকায় তাকে মাঠে নামানো হয়নি। এ জয়ের ফলে শিরোপা লড়াইয়ে আবারও চাপ বাড়ল রিয়াল মাদ্রিদের ওপর, আর আত্মবিশ্বাস ফিরে পেল বার্সেলোনা শিবির।
-বেলাল










