যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক সোমবার ক্রীড়া ফেডারেশনগুলোর সাথে বৈঠক করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি খেলাধুলার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন এবং ফেডারেশনগুলোকে নির্দেশ দিয়েছেন এক বছরের কার্যক্রমের একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে জমা দেওয়ার জন্য।
বৈঠকের পর প্রতিমন্ত্রী বলেন, “ফেডারেশনগুলোর সাথে আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে। আমরা ক্রীড়াঙ্গনকে কীভাবে একত্রিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে পারি-সব বিষয়েই আমরা আলোচনা করেছি।”
তিনি আরও বলেন, “ফেডারেশনের সকল কর্মকর্তার কাছে জানতে চেয়েছি কোথায় কি সমস্যা। গত এক বছরে আমাদের দেশের ক্রীড়ার কার্যক্রমের মূল্যায়ন করতে তাদের কাছ থেকে রিপোর্ট চেয়েছি। এক বছরে কোথায় সফলতা ছিল, কোথায় ব্যর্থতা, কোন সুযোগ সুবিধার প্রয়োজন এবং কোন সুবিধার অভাব ছিল-সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে জমা দিতে হবে।”
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, “ফেডারেশনগুলোর নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুন্দরভাবে আয়োজন করার জন্য আমরা উপজেলা পর্যায় থেকে শুরু করতে চাই। এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ের নির্বাচন সম্পন্ন করে ফেডারেশনগুলোর নির্বাচন আনুষ্ঠানিকভাবে শেষ করা হবে।”
-বেলাল










