দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন। দীর্ঘ সময় চুপ থাকার পর তারা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন এবং ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তাও দিয়েছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভক্তদের উচ্ছ্বাস ও ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত এই তারকাযুগল ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমাদের প্রিয় প্রেমী, আমরা কিছু পরিকল্পনা করার ও সিদ্ধান্ত নেওয়ার আগে থেকেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভালোবাসার সঙ্গে আমাদের নাম দিয়েছিলে ‘বিরোশ’। আজ পূর্ণ হৃদয়ে তোমাদের সম্মানে আমাদের নাম একসঙ্গে হচ্ছে। তাই আমরা বেছে নিয়েছি ‘বিরোশের বিয়ে’। ভালোবাসা নিয়ে আমাদের পাশে থাকায় তোমাদের ধন্যবাদ।”
যদিও বিয়ের খবর নিশ্চিত করা হয়েছে, তবুও জুটি বিয়ের সঠিক তারিখ বা ভেন্যু নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তাদের কাছের সূত্র জানিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুর-এর একটি প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ের অনুষ্ঠান ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু ছাড়া বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনও পরিকল্পনা করেছেন বিজয়-রাশমিকা। পুরো আয়োজনের গোপনীয়তা এবং ব্যক্তিগত পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-বিথী রানী মণ্ডল










