চমকপ্রদ ছন্দ, সুর আর লিরিকের থিম সংয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বাংলার সৌন্দর্য, সংস্কৃতি দৃশ্যায়নের পাশাপাশি থাকছে দলগুলোর প্রচারণা। সরকারের পক্ষ থেকেও হ্যাঁ বা না ভোটসহ পুরো নির্বাচন নিয়েও থিম সং দিয়ে প্রচারনা চালানো হচ্ছে। তরুণ ভোটার বা জেনজিদের কাছে নান্দনিকভাবে নির্বাচনী বার্তা পৌঁছে দিতে চলছে রীতিমত প্রতিযোগীতা। নতুন ধারার প্রচারনাকে স্বাগত জানিয়েছে দেশের মানুষ। মাইকিং, পোষ্টারিং ও এসএমএস এর প্রচারনার ধরন বদলে এবার প্রচারনা চলছে।
ডিজিটাল প্লাটফর্মে ভোটারদের কাছে জাতীয়তাবাদী শক্তি বিএনপি প্রচারনার উদ্বোধনী দিনের শুরুর দিনেই প্রচার করেছে তাদের নির্বাচনী থিম সং। ভোট দিবেন কিসে, ধানের শীষে শিরোনামে ডিজিটাল প্লাটফর্মে ভোটারদেও কাছে তাদের বার্তা সহজে পৌঁছে দিতে এমন আয়োজন। ইউটিউব, ফেসবুক ও অন্যান্য মাধ্যমে মুক্তি পাওয়া থিম সংয়ে ব্যবহার হয়েছে সবার আগে বাংলাদেশসহ দলের অন্যান্য শ্লোগান। গানটিতে আবহমান বাংলার সৌন্দর্য্য, শিল্প ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া ভোটাদের বিএনপির প্রতি আকর্ষণ করতে সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবুর নতুন নির্বাচনী গানের ভিডিও প্রকাশ হয়েছে। রাজধানীর বনানীতে জমকালো আয়োজনের মাধ্যমে ‘ভাইরাল এখন ধানের শীষ’ শিরোনামের গানটি উন্মুক্ত করা হয়।
গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইথুন বাবু। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি আনন্দমুখর ও উৎসবধর্মী গান তৈরির চেষ্টা করেছেন তিনি। ‘ভাইরাল এখন ধানের শীষ’শিরোনামের এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।”
ইথুন বাবু আরও বলেন, ‘বিএনপির একজন বিশ্বাসী কর্মী হিসেবে শুধু রাজপথেই নয়, কণ্ঠযোদ্ধা হিসেবেও আন্দোলনে যুক্ত ছিলাম এবং থাকব। দেশ ও দলের জন্য কাজ করাই একমাত্র লক্ষ্য।’
শাহবাগে মাদুর পেতে এনসিপির নির্বাচনী থিম সং উদ্ধোন করে দলের নেতাকর্মীরা। ভোটের মিছিলে আমার প্রতীক শাপলা কলি শিরোণামে থিম সংয়ে আছে ২৪ এর গণ অভ্যুন্থানে আন্দোলনের ছবি, আবহমান বাংলার সৌন্দর্য, দলটির প্রচারনা ও তরুণসহ দেশের বিভিন্ন বয়সের বিভিন্ন প্রান্তের মানুষের যাপিত জীবনের গল্প। এনসিপি নেতাদেরও দেখা গেছে এই থিম সংয়ে। তাদের পদযাত্রা ও বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রচারনার দৃশ্যও আছে এটিতে।
নির্বাচনের আরেক দল জামায়াতে ইসলামী অনানুষ্ঠানিকভাবে দেশর মানুষ আর কতকাল সইবেরে ভাই, দিন বদলের হওয়া লেগেছে সহ বেশ কয়েকটি থিম সং প্রচার করছে কর্মী ও সমর্থকরা। নির্বাচনী প্রত্যেকটি থিম সংয়ে দেখা গেছে জামায়াতের আমির সহ অন্যনান্য প্রচারনার দৃশ্য। দলটির প্রতীক ও সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা গেছে থিম সংয়ে।
আসিফের কণ্ঠে ‘শোনো শোনো জনগণ শোনো দিয়ে মন, অনেক ত্যাগের বিনিময়ে এলো নির্বাচন’ শিরোনামে সরকারের পক্ষ থেকেও ভোটারদের উৎসাহিত করতে প্রচার করা হচ্ছে বিশেষ থিম সং। যেখানে ভোটাধিকার কেন গুরুত্বপূর্ণ সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজনকে যুক্ত করা হয়েছে সরকারের এই থিম সংয়ে।
সাধারণ মানুষ এই থিমসংগুলোকে ভালোভাবে নিয়েছে। অনেকেই বলছেন,দেশের যেকোনো আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে প্রচারনায় গান মানুষকে উজ্জীবিত করে। কণ্ঠশিল্পী আসিফ আলোকিত স্বদেশকে বলেন, গান মানুষকে খুব সহজে স্পর্শ করে। তাই যেকোন প্রচারে গান ব্যবহার করা হয়। এবার নির্বাচন আমাদের জাতির ভাগ্য নির্ধারনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এবারের নির্বাচনী থিমসংগুলোতে ভোটাধিকার প্রয়োগের বিষয়টির ওপর বেশি জোর দেওয়া হয়েছে।
-মাহমুদ সালেহীন খান









