থার্ড টার্মিনাল, হজযাত্রী সেবা ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

মন্ত্রিপরিষদ গঠনের পর নিজ জেলা মানিকগঞ্জে প্রথম সফরে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মানিকগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের বিমান খাতকে আধুনিক ও জনবান্ধব করতে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথমত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ দ্রুত শেষ করে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এতে যাত্রীসেবা আরও সহজ ও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, হজযাত্রীদের যাতায়াতে যেন কোনো ধরনের ভোগান্তি না থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন প্রক্রিয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

বিমানবন্দরের সার্বিক মান উন্নয়ন করে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করাও তার অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন মন্ত্রী। যাত্রীসেবা, নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি।

এছাড়া জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার অনিয়ম ও দুর্নীতি নিয়ে কাজ করার কথাও জানান মন্ত্রী। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

পাশাপাশি নিজ জেলা মানিকগঞ্জের উন্নয়ন নিয়েও তিনি পরিকল্পনার কথা তুলে ধরেন। পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে চাঙা করতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অভি হাসান, মানিকগঞ্জ