দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এই দুই বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে:
বৃষ্টির এলাকা: খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা: সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২৫ ফেব্রুয়ারি (বুধবার) থেকে ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই কয়েক দিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, আগামী পাঁচ দিনের শেষ দিকে দিন এবং রাতের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে। ফলে শীতের আমেজ পুরোপুরি কেটে গিয়ে গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
–লামিয়া আক্তার










