লন্ডনে কৃতির আগাম হানিমুন

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন ও লন্ডনভিত্তিক ব্যবসায়ী কবীর বাহিয়াকে ঘিরে বেশ কিছুদিন ধরেই বি-টাউনে চলছে প্রেমের গুঞ্জন। তবে এতদিন সবকিছু ছিল আড়ালে। এবার সেই গুঞ্জন যেন নতুন মোড় নিল, যখন বিদেশের রাস্তাতেই একসঙ্গে খোলামেলা ভঙ্গিতে দেখা গেল এই দুজনকে।

সম্প্রতি লন্ডনের ব্যস্ত এক সড়কে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায় কৃতি ও কবীরকে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দুজনেই বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছেন। কৃতির পরনে ছিল বাদামি রঙের হাইনেক টি-শার্ট, নীল ডেনিম এবং পিচ রঙের জ্যাকেট। অন্যদিকে কবীর ছিলেন নেভি ব্লু জিনস ও জ্যাকেটে। কৃতির বর্তমান হেয়ারস্টাইল দেখে অনেকেই মনে করছেন, ভিডিওটি সাম্প্রতিক সময়েই ধারণ করা।

এ দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেক ভক্তই ধারণা করছেন, তাদের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ নেই। বরং খুব শিগগিরই এই জুটি বিয়ের পথে হাঁটতে পারেন। এমনকি কেউ কেউ লন্ডন সফরকে ‘আগাম হানিমুন’ বলেও মন্তব্য করছেন।

তবে এত কিছুর পরও এখনো পর্যন্ত সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি কৃতি স্যানন বা কবীর বাহিয়া। ফলে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। বি-টাউনে এখন প্রশ্ন একটাই—এই সম্পর্ক কি সত্যিই পরিণয়ের দিকে যাচ্ছে, নাকি এটি শুধুই একটি গুঞ্জন

-বিথী রানী মণ্ডল