পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকি সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগ তুলেছেন। মানসিক ও শারীরিকভাবে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে তিনি ইতোমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন।
ইকরা জানান, গত ১১ ফেব্রুয়ারি তার ওপর শারীরিক হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, তার সাবেক স্বামী তাকে মারধর করেন এবং ছুরি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন। এ ঘটনায় তিনি পাকিস্তানের দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক আঘাতের কয়েকটি ছবি প্রকাশ করেন ইকরা। একইসঙ্গে মামলার কপিও শেয়ার করেন, যাতে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে এবং অন্য ভুক্তভোগীরা সাহস পান।
একটি আবেগঘন পোস্টে ইকরা লিখেছেন, দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে তিনি কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, “নীরবতা কেবল অত্যাচারীকে রক্ষা করে, ভুক্তভোগীকে নয়।” তিনি জানান, বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পেতে চান।
একই সঙ্গে ইকরা সব মেয়েদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রার্থনা করেন এবং নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা ও সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে এবং নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
-বিথী রানী মণ্ডল










