যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ঘোষণা দিয়েছে যে বহু প্রতীক্ষিত আর্টেমিস–২ মিশন আগামী মার্চে উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না। প্রযুক্তিগত জটিলতার কারণে নির্ধারিত সময়সূচি থেকে সরে আসতে হচ্ছে।
নাসা প্রধান জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, বিশাল স্পেস লঞ্চ সিস্টেম (SLS) রকেটে হিলিয়াম প্রবাহে ত্রুটি ধরা পড়েছে। হিলিয়াম ব্যবহৃত হয়- রকেটের ইঞ্জিন পরিষ্কার (purge) করতে, জ্বালানি ট্যাংক প্রেসারাইজ করতে। এই সমস্যা থাকায় মার্চের লঞ্চ উইন্ডো বাতিল করা হয়েছে। এখন সম্ভাব্য নতুন সময় এপ্রিলের শুরু বা শেষ ভাগ।
রকেট ও ওরিয়ন মহাকাশযানকে ফিরিয়ে নেওয়া হবে কেনেডি স্পেস সেন্টার (KSC)-এর ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং (VAB)-এ। সেখানে ভালভ, ফিল্টার বা সংযোগ প্লেটের ত্রুটি খতিয়ে দেখা হবে।
আর্টেমিস–২ মিশনের লক্ষ্য কী?
১০ দিনের মিশন
চাঁদের চারপাশে মানববাহী ফ্লাইবাই
৫০ বছরের বেশি সময় পর প্রথম মানব মুন ফ্লাইট
ভবিষ্যতের চাঁদে অবতরণ ও মঙ্গল মিশনের ভিত্তি তৈরি
এই মিশনে থাকবেন তিনজন মার্কিন নভোচারী এবং একজন কানাডিয়ান নভোচারী।
পেছনের প্রেক্ষাপট
২০২২ সালে আর্টেমিস–১ সফল হলেও একাধিক বিলম্ব হয়েছিল। এদিকে চীন ২০৩০ সালের মধ্যে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে এবং ২০২৬ সালে Chang’e 7 মিশন চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
আর্টেমিস–২ হচ্ছে চাঁদে অবতরণের পূর্ববর্তী ধাপ। চাঁদে মানুষ নামানোর পরিকল্পিত মিশন আর্টেমিস–৩, যা নির্ধারিত ২০২৮ সালে। প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত না করে নাসা ঝুঁকি নিতে চাইছে না। ফলে মার্চের লঞ্চ বাতিল হলেও, লক্ষ্য এখন এপ্রিল।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/









