নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। দলটির সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে।
প্রাথমিক বাছাই ও প্রস্তুতি
এনসিপি সূত্র জানায়, প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় এই দুই তরুণ নেতাকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, তিনি ঢাকা দক্ষিণে এনসিপির হয়ে মেয়র পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।
যা বললেন আরিফুল ইসলাম আদীব
প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “দলের প্রাথমিক আলোচনায় দুই সিটি করপোরেশনে আমি এবং আসিফ মাহমুদ রয়েছি। তবে এটি প্রাথমিক পর্যায়, চূড়ান্ত সিদ্ধান্ত দলের পক্ষ থেকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির এই দুই তরুণ নেতাকে ঢাকার মেয়র পদে মনোনয়ন দেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।










