কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের ধাক্কায় ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর পরিচয়
নিহত শিশুটির নাম খালিদ বিন ওয়ালিদ (৮)। সে স্থানীয় একটি নূরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ওয়ালিদ বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়ার বাসিন্দা আমান উল্লাহ ও সুমাইয়া জান্নাত দম্পতির ছেলে।
যেভাবে ঘটল দুর্ঘটনা
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ কুতুবদিয়া উপজেলায় দলীয় সফর শেষে তিনটি গাড়ি নিয়ে মহেশখালী যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে বহরটি চিরিংগা-বদরখালী সড়কের আহমদ কবিরের ঘাট এলাকায় পৌঁছলে বহরের শেষ গাড়িটি শিশু ওয়ালিদকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তেজনা ও গাড়ি ভাঙচুর
শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। গাড়িবহর দ্রুত সটকে পড়ার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা বহরের একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি আটকে ভাঙচুর করে। অভিযোগ রয়েছে, এসময় এমপির নেতাকর্মীরা স্থানীয় কয়েকজনকে মারধর করেছেন। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমপি ও পুলিশের বক্তব্য
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশু নিহতের ঘটনায় উত্তেজিত জনতা একটি গাড়ি ভাঙচুর করেছে। পুলিশ পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ বিষয়ে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, “শিশুটিকে ধাক্কা দেওয়া গাড়িটি আমার বহরেরই ছিল। তবে দুর্ঘটনার সময় আমার গাড়ি প্রায় এক কিলোমিটার সামনে ছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। নিহতের পরিবারের পাশে থাকব এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”










