ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব প্রতিষ্ঠায় সম্মত বাংলাদেশ ও পাকিস্তান: পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

কূটনৈতিক প্রতিবেদক | ঢাকা

দুই দেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব প্রতিষ্ঠায় সম্মত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপের পর এক বার্তায় এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ফোনালাপে যা আলোচনা হলো
রোববার বিকেল ৫টার দিকে দুই পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেন। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন।

ফোনালাপের পর নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ইসহাক দার লিখেন, “বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে তার সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছি। শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য সামনে রেখে আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেছি।”

তিনি আরও জানান, দুই নেতা বহুমাত্রিক খাতের পাশাপাশি বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা সম্প্রসারণে এবং দুই দেশের জনগণের স্বার্থে একটি ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তুলতে সম্মত হয়েছেন।

হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
এর আগে রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে ইমরান হায়দার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও বিস্তৃত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতার নতুন পথ অন্বেষণে সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকারের ওপরও গুরুত্বারোপ করেন।

মোঃ আশরাফুল আলম