তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইসরায়েল যদি গোটা পশ্চিম এশিয়া দখল করে নিক, যুক্তরাষ্ট্রের আপত্তি নেই। শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র সেনারা যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে নেয়, সেটি “ভালই হবে”। কারণ এই অঞ্চলের ওপর ইহুদি জনগণের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার রয়েছে এবং বাইবেলেও এই সীমা নির্ধারিত আছে।
হাকাবি তার বক্তব্যে ওল্ড টেস্টামেন্টের উদাহরণও উল্লেখ করেছেন এবং ইহুদি জনগণের ‘ন্যায্য অধিকার’ এভাবে ব্যাখ্যা করেছেন। হাকাবি পূর্বে আমেরিকার আ্রাকানস প্রদেশের গভর্নর ছিলেন এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি ইসরায়েলে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।
এই মন্তব্য আসে এমন সময়, যখন লেবাননে ইসরায়েলি বিমান হামলা-এর পর উত্তেজনা তুঙ্গে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংঘাতের আবহে যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় নৌবহর মোতায়েন করেছে। রমজান উপলক্ষে ফিলিস্তিনের পশ্চিম তীর ও আল-আকসা মসজিদ প্রবেশে নেতানিয়াহু সরকারের বিধিনিষেধ এবং লেবাননে নতুন হামলা, সব মিলিয়ে অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়েছে।
হাকাবি বলেন, “ইসরায়েল যদি সবটা দখল করে নেয়, তবে ভালোই হবে।” তবে যখন তাকে প্রশ্ন করা হয়, ইসরায়েল বাস্তবে কি পুরো অঞ্চল দখল করবে, তিনি স্পষ্টভাবে বলেন, “ওরা সেটা চায় না এবং এমন কোনো দাবিও করেনি।”
পশ্চিম এশিয়ার ভূখণ্ডের বিষয়েও হাকাবি উল্লেখ করেছেন, বাইবেলে ইব্রাহিমের বংশধরদের জন্য নির্ধারিত ভূখণ্ড ইরাকের ফোরাত নদী থেকে মিসরের নীল নদ পর্যন্ত বিস্তৃত, যার মধ্যে আধুনিক লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের কিছু অংশও অন্তর্ভুক্ত।
সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, মিডল ইস্ট মনিটর, মিডল ইস্ট আই।
-এমইউএম










