জঙ্গি হামলার জবাব দিতে আফগানিস্তানে আক্রমণ পাকিস্তানের

পাকিস্তান জানিয়েছে, সীমান্ত পার হয়ে আফগানিস্তানে বেশ কয়েকটি জঙ্গি লক্ষ্যস্থলে তারা সামরিক অভিযান চালিয়েছে। সম্প্রতি পাকিস্তানে হওয়া আত্মঘাতী বোমা হামলার জন্য ইসলামাবাদ আফগানিস্তান থেকে তৎপর জঙ্গিদের দায়ী করেছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রোববার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্টে এই হামলার কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “খোয়ারিজরা আফগানিস্তান ভিত্তিক নেতৃবৃন্দ ও তত্ত্বাবধায়কদের নির্দেশনায় হামলাগুলো চালিয়েছে, এমন অকাট্য প্রমাণ আমাদের কাছে আছে।”

‘খোয়ারিজ’ বলতে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)–এর সদস্য জঙ্গিদের বোঝানো হচ্ছে। টিটিপি পাকিস্তান তালেবান নামেও পরিচিত।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাকিস্তান ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাছাই করা সন্ত্রাসীদের সাতটি শিবির ও আস্তানায়’ আঘাত হেনেছে। এসব শিবির ও আস্তানা আফগানিস্তানের সীমান্তের ভেতরে পাকিস্তান তালেবান ও ইসলামিক স্টেট খোরসান প্রদেশ–এর নিয়ন্ত্রণাধীন।

রয়টার্স জানায়, তারা এ মুহূর্তে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে সক্ষম হয়নি।

-এমইউএম