লড়তে হলে ‘শোরগোল’ সামলাতে হবে, না হলে অন্য ক্লাবে যাও: আর্সেনাল কোচ

শিরোপার লড়াই থেকে আস্তে আস্তে ছিটকে পড়ছে আর্সেনাল। শেষ সাতটি লিগ ম্যাচে তাদের মাত্র দুটি জয়, আর চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ধারাবাহিক সাফল্যের কারণে দুই শীর্ষ দলের মধ্যে তফাত মাত্র দুই পয়েন্ট। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা দেখানোর পরামর্শ দিয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

শিরোপা-প্রত্যাশী খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রিমিয়ার লিগের জন্য লড়তে হলে ‘শোরগোল’ এবং ‘বুলেট’ সামলাতে হবে; যদি না পারো, তবে অন্য কোনো ক্লাবে যাও।

আর্সেনাল সম্প্রতি উলভসের বিপক্ষে দুই গোলের লিড হাতছাড়া করে ড্র করেছে। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে থাকতে রোববার তাদের মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম। তবুও ভাগ্য এখনও আর্সেনালের হাতে রয়েছে, কারণ তারা শীর্ষে থেকে উত্তর লন্ডনে স্পারদের সঙ্গে খেলবে। গত তিন বছর ধরে আর্সেনাল রানার্সআপ হয়েছে এবং উলভসের বিপক্ষে পয়েন্ট হারানোর পর তাদের ‘বটলার’ তকমা দেওয়া হচ্ছে – অর্থাৎ শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলা। তবে আর্তেতা এটি উড়িয়ে দিয়েছেন।

বাইরের চাপ খেলোয়াড়দের জন্য বেশি না হওয়ার বিষয়ে তিনি বলেছেন, “তোমরা কি এই শোরগোলের অংশ হতে চাও? না হলে অন্য কিছু করো। আমরা মানসিকভাবে শক্ত খেলোয়াড় চাই।”

আর্তেতা আরও যোগ করেছেন, “শোরগোল এবং বুলেট ফুটবলের অংশ। আমরা এগুলোকে সঠিকভাবে মোকাবিলা করি। আমাদের যা নিয়ন্ত্রণে আছে তা হল পরবর্তী ম্যাচটি জেতা, এবং তা করলে আমরা শক্তিশালী অবস্থানে থাকব। এটিই একমাত্র বিষয় যা আমাদের নিয়ন্ত্রণে।”

-এমইউএম