মাত্র ৫ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন! লক্ষ্মীপুরে মর্মান্তিক ঘটনা

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী হাতাহাতির ঘটনা ঘটেছে। এই তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলমগীর হোসেন ও তার বড় ভাই খোরশেদ আলম একটি যৌথ মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতেন এবং নিয়মিত বিল ভাগাভাগি করে পরিশোধ করতেন। চলতি মাসের বিল দেওয়ার সময় আলমগীর তার ভাগের চেয়ে ৫ টাকা কম দেন। এই ৫ টাকা নিয়েই দুই ভাইয়ের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিনের অভিযোগ, সন্ধ্যায় আলমগীর স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করতে গেলে সেখানে বড় ভাই খোরশেদ আলম তার ওপর চড়াও হন। খোরশেদ ও তার সহযোগীরা মিলে আলমগীরকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে আলমগীর গুরুতর আহত হয়ে পড়লে অভিযুক্তরা তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা দুই ভাইকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে আলমগীর বেশ আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৫ টাকার জন্য আপন ভাইকে হত্যার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিদ্যুৎ বিল নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। এটি হত্যাকাণ্ড কি না বা অন্য কোনো শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লামিয়া আক্তার