ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে আল হাজেম কে ৪-০ গোলে হারিয়ে আল নাসর কে শীর্ষ স্থানে নিয়ে গেলেন। জানুয়ারির ট্রান্সফারের পর দলের নিষ্ক্রিয়তার কারণে রোনালদো ধর্মঘট করেছিলেন এবং লিগের দুটি ম্যাচ ও এএফসি কাপে একটি ম্যাচে খেলেননি। তবে ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা এদিন দুই গোল করেন।
ম্যাচের ১৩ মিনিটে রোনালদো আল নাসরকে এগিয়ে দেন। কিংসলে কোমান তাকে পেনাল্টি এরিয়ায় খুঁজে পান; ডান পায়ে বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ে জালে ঠেলে দেন রোনালদো। অফসাইড পরীক্ষা করে ভিএআর গোলটি অনুমোদন করে। এটি বয়স ৩০ হওয়ার পর তার ৫০০তম গোল।
অর্ধঘণ্টার মধ্যে জোয়াও ফেলিক্সের অ্যাসিস্টে কোমান ব্যবধান আরও বাড়ান। বিরতির আগে রোনালদো আরেকটি গোল পেলেও অফসাইডে বাতিল হয়।
৭৭ মিনিটে ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলো একক প্রচেষ্টায় নিজের অর্ধ থেকে বল নিয়ে জালে গোল করেন। ম্যাচের শেষ ১০ মিনিটে রোনালদো তার দ্বিতীয় গোল করেন কোমানের কাছ থেকে শর্ট পাস নিয়ে আড়াআড়ি ড্রাইভে বল জালে পাঠান। ভিএআর পরীক্ষা করেও গোল বহাল থাকে।
এ জয়ের সঙ্গে আল নাসর টানা অষ্টম লিগ ম্যাচ জিতল এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলাল-এর সঙ্গে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। আগের ম্যাচে আল হিলাল ১০ জনের আল ইত্তিহাদ-এর সঙ্গে ড্র করেছে।
-এমইউএম










