বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের ওপর আরোপ করা অস্থায়ী পারস্পরিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট গত বছর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করার পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিনি নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং পরবর্তীতে তা ১৫ শতাংশে উন্নীত করেন।

ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, “আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। অনেক দেশ বছরের পর বছর যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে, এখন থেকে আইন মেনেই এই বাড়তি কর কার্যকর হবে।”

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এই ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন, এটিকে স্থায়ী ও আইনি বৈধতা দিতে তার প্রশাসন কাজ করবে।

গত বছর জরুরি অর্থনৈতিক শক্তি আইন (আইইইপিএ)–এর অধীনে ট্রাম্প বিশ্বের সব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন, যা যুক্তরাষ্ট্রে অনেক পণ্যের দাম বাড়িয়ে দিয়েছিল। আদালত তখন জানিয়েছিল, শুল্ক আরোপের আগে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নেওয়া প্রয়োজন ছিল এবং তিনি তার ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

-এমইউএম