‘জ্যাক রায়ান’ সিরিজে ৬ বছর আগেই দিয়েছিল ভেনেজুয়েলার ভবিষ্যদ্বাণী

সিনেমা বা সিরিজের গল্প কখনো কখনো বাস্তব ঘটনাকেও হার মানায়— ঠিক তেমনই এক চাঞ্চল্যকর কাকতালীয় ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’। ছয় বছর আগে মুক্তি পাওয়া এই সিরিজের একটি দৃশ্যকে এখন অনেক দর্শকই ‘আগাম বাণী’ বা ‘ভবিষ্যদ্বাণী’ হিসেবে দেখছেন।

২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘জ্যাক রায়ান’-এর দ্বিতীয় সিজন। সেখানে জন ক্রাসিনস্কি অভিনীত জ্যাক রায়ান চরিত্রটি একদল সিআইএ কর্মকর্তাকে প্রশ্ন করেন, ‘বৈশ্বিক পরিস্থিতির জন্য সবচেয়ে বড় হুমকি কোনটি?’

জবাবে একজন বলেন, রাশিয়া, পরে চীনের কথাও উঠে আসে। এরপর জ্যাক রায়ান বলেন, ভেনেজুয়েলাকে কি কেউ বিবেচনায় নিয়েছেন? তার মতে, সৌদি আরব বা ইরানের চেয়েও বেশি তেল এবং আফ্রিকার সব খনি মিলিয়ে যত স্বর্ণ আছে, তার চেয়েও বেশি খনিজ রয়েছে ভেনেজুয়েলায়। এত সম্পদ থাকা সত্ত্বেও দেশটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে উঠবে— কারণ দেশটি আমেরিকার খুব কাছেই অবস্থিত।

এই দৃশ্য নতুন করে আলোচনায় আসে গত ৩ জানুয়ারি, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। এরপর ট্রাম্পের ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলা চালাবে’ এমন বক্তব্যে দর্শক মহল বিস্মিত হয়ে পড়ে। কারণ, ছয় বছর আগের সিরিজের কাহিনির সঙ্গে বাস্তব ঘটনার বিস্ময়কর মিল খুঁজে পাচ্ছেন তারা।

এ বিষয়ে সিরিজের সহ-নির্মাতা কার্লটন কিউস বলেন, তাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, ভবিষ্যদ্বাণী  নয়। তবে বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় কল্পনাকেও ছাড়িয়ে যায়।

এমইউএম/