শরীয়তপুরের নড়িয়া থানা পুলিশ পদ্মা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির ভিডিও ছড়িয়ে পড়ার পর রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সোহাগ ব্যাপারী (৩৮): নড়িয়া পৌরসভার ঢালীপাড়া গ্রামের সাত্তার ব্যাপারীর ছেলে। পুলিশ তাকে এই চাঁদাবাজ চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত করেছে। রাকিব হাওলাদার (২৩): কানারগাঁও গ্রামের মন্টু হাওলাদারের ছেলে। আরিফ মল্লিক ওরফে সানজিম (২১): জাজিরা উপজেলার আমির মল্লিকের কান্দি গ্রামের খোকন মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একদল ব্যক্তি একটি ট্রলার নিয়ে পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেডে উঠে জোরপূর্বক টাকা আদায় করছে। বিষয়টি নজরে আসার পরপরই নড়িয়া থানা পুলিশ তদন্তে নামে। শুক্রবার ভোররাতে নদীতে অভিযান চালিয়ে প্রথমে রাকিব ও আরিফকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূলহোতা সোহাগ ব্যাপারীকে আইনের আওতায় আনা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে পদ্মার নড়িয়া অংশে বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা তোলার কথা স্বীকার করেছে। নড়িয়া থানার তদন্ত কর্মকর্তা সুকান্ত দত্ত জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০০২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রুজু করা হয়েছে। এই চক্রের পেছনে আরও কোনো প্রভাবশালী মহল জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।